কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন ছাত্রলীগ নেতা
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮
পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান (৩৮) মারা গেছেন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
পারিবারিক ও কারা সূত্র জানায়, শুক্রবার দুপুরের পর শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভূত হলে বিকেল তিনটার দিকে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পাঁচটার দিকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তিনি মারা যান। তাঁর ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হওয়ার পর পটুয়াখালী সদর থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পারিবারিক সূত্র দাবি করেছে, কারাগারে থাকার সময় এর আগেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
পটুয়াখালী জেলা কারাগারের জেলা মো. আব্দুর রব মিয়া বলেন, “হাজতি শফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।”
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, “বরিশাল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে জীবিত পাননি। পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।