কাশিয়ানীতে ঈদ সামগ্রী ও নগদ দেওয়ার প্রলোভনে প্রতারণা, দুইজন ভুক্তভোগী থানায় অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:৪১
কাশিয়ানী উপজেলায় ঈদ উপলক্ষে গরিবদের জন্য নগদ অর্থ ও ঈদ সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ অভিযোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ করেন দুই ভুক্তভোগী।
ভুক্তভোগীরা জানান, সাজাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য গোরা কাজী ফোনে তাদেরকে জানান এবং অন্য একটি নাম্বারে কথা বলার নির্দেশ দেন। সেই নাম্বারে যোগাযোগ করলে অজ্ঞাত পরিচয়ের একজন কাশিয়ানী সমাজ সেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে বলেন, ঈদ উপলক্ষে জনপ্রতি ৩০ কেজি চাউল, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি ছোলা এবং নগদ ৫,০০০/- টাকা দেওয়া হবে। তবে ফর্ম ক্রয় করতে হবে, যা বাবদ ১০ জনের জন্য ১ হাজার করে মোট ১০,০০০/- টাকা পাঠাতে হবে। এরপর ভুক্তভোগীরা মোট ২০,০০০/- টাকা বিকাশে পাঠান। পরে তাদের মোবাইল ও বিকাশ নম্বরে যোগাযোগ করলে সিম বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগী পক্ষের অভিযোগে বলা হয়েছে, সাজাইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম মোল্যা এবং ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান সরদার পৃথকভাবে ইউপি সদস্য গোরা কাজীকে বিবাদী করে থানায় অভিযোগ করেছেন।
ইউপি সদস্য গোরা কাজী জানান, “সমাজ সেবা অফিসের পরিচয় দিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতিদের নাম্বার চাইলে আমি সরবরাহ করেছি। টাকা পাঠানোর বা না পাঠানোর বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। এখন বোঝা যাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের সেই ব্যক্তি প্রতারক।”
কাশিয়ানী থানা পুলিশ সুপার (ওসি) তদন্ত তাজউদ্দিন আহমেদ জানান, দুইটি অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের নম্বর পাওয়া গেছে, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের কাছ থেকেও হাজার হাজার টাকা হাতিয়েছে এই প্রতারক চক্র।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।