ঘুমাব কম, কাজ করব বেশি: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:৩১
খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি ভোর ৬টার পর থেকে ক্লিনারদের ড্রেন পরিষ্কারের কাজে তদারকি করবেন। তিনি জানান, “আমি ঘুমাব কম, কাজ করব বেশি। আমি দেখতে চাই আমার কর্মচারীরা কতখানি সঠিকভাবে কাজ করে।”
রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার এবং বিদায়ী প্রশাসক মো. মোখতার আহমেদ-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এছাড়া খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী উন্মুক্ত আবর্জনা সম্পর্কে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। উন্মুক্ত আবর্জনা থাকবে না, এটি প্যাকেট করতে হবে এবং রিসাইক্লিং করে সারের রূপ দিতে হবে। শহরের যতো আবর্জনার স্তূপ আছে, তা প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি করার কোনো কাজ করা হবে না।
তিনি আরও জানান, “মানুষকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সকলের দায়িত্ব আছে। কিছু কিছু কাজ নাগরিকদেরই করতে হবে, এবং তারা তা করবেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।