তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুনরায় সংগঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে: ড. মঈন খান
নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:৩৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপি জয়লাভ করেছিল। এবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে পুনরায় একই আসনে বিএনপির বিজয় এসেছে।
রোববার বিকালে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সঞ্চালনা করেন পৌর বিএনপি সভাপতি আলম মোল্লা। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচজন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ড. মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ১০ জন মেধাবীকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করেছিলেন, যেখানে নরসিংদীর পলাশের সন্তান ড. মোমেন খানও ছিলেন। তিনি নরসিংদী-০১ আসন থেকে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বলেন, "এটা নরসিংদীর গৌরব। আমরা চেষ্টা করছি সেই গৌরব পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপির জন্ম দিয়েছেন আব্দুল মোমেন খান। আমরা চেষ্টা করছি নরসিংদীর বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার।"
ড. মঈন খান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশনায়ক তারেক রহমানকে, যাঁর নেতৃত্বে বিএনপি পুনঃসংগঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।