ফেনীতে দুই দিনব্যাপী ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপ্তি
ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৬:৫৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ফেনীর সময়-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, ফেনী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির মুফতি আবদুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আজম এবং যমুনা টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে পৃথকভাবে মোট ৪৫ জন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “শিক্ষাক্রমের পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত চর্চা ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।