চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৪:৩৭
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০)-কে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মোতালেব আকন। এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন তারা।
অভিযোগ রয়েছে, বরগুনার আমতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাওলাদার (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও সাত থেকে আটজন তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে মামলা করেছেন।
স্থানীয়দের দাবি, মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা বলেন, একজন অসুস্থ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।