বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত

বগুড়া প্রতিনিধি | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯

ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগি উদ্ধারে জোর তৎপরতা চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে ট্রেন চলাচল আংশিকভাবে শুরু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, উত্তরাঞ্চলের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বিকল্প ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে অন্য ট্রেনে উঠে গন্তব্যে যাচ্ছেন।

এর আগে বুধবার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন।

গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার দলে প্রায় ৪০০ কর্মী একযোগে লাইনচ্যুত বগি সরানো ও রেললাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top