বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

তেলের দাম বাড়লে জিনিসপত্রের দামও বাড়বে: মির্জা ফখরুল

আবু তালেব | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:২৪

ছবি: সংগৃহীত
 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সামনে কঠিন সময় আসছে। এই যুদ্ধ আমাদের খুব ক্ষতি করছে। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোকে সয়ে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা দেশে কোনো মব তৈরি হতে দেব না, মবকে কঠোর হস্তে দমন করব।”

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় ‘নেহা নদী’ খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট তুলে ধরে জানান, যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কমে গেছে। এসময় তিনি ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্প ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বলেন, “কারও কোনো অভিযোগ থাকলে তা দায়িত্বশীলদের জানাতে হবে। কেউ গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।” তিনি পেট্রোল পাম্পে হামলাকারীকে গ্রেপ্তারের জন্য ঠাকুরগাঁও পুলিশের ভূমিকার প্রশংসাও করেন।

মন্ত্রী আরও বলেন, খাল খননের কাজ কৃষি, পরিবেশ এবং প্রাণি সম্পদ বৃদ্ধির জন্য হচ্ছে। তিনি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “খাল খননের কাজ যেন সুন্দরভাবে হয় এবং মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ করতে না পারে যে শুধু উদ্বোধন হয়েছে, পরে কোনো কাজ হয়নি।”

মির্জা ফখরুল বলেন, “আমরা কাজ, ইবাদত ও হালাল উপার্জনের মাধ্যমে সৎ থেকে বেহেশতে যাব। অন্যদের মতো ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করি না।”

নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি জানান, ফ্যামিলি কার্ড, খাল খননের পাশাপাশি কৃষি কার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top