বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৫৭

ছবি: সংগৃহীত

প্রস্তাবে রাজি না হলে ইরানের ওপর আরও বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের শর্তে এখনও অটল রয়েছে তেহরান।

ওয়াশিংটন-তেহরান আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সরাসরি কোনো আলোচনা এখনো হয়নি।

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা পরিকল্পনাকে 'অযৌক্তিক' হিসেবে বিবেচনা করছে তেহরান। একাধিক সরকারি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এর আগে চলমান সংঘাত বন্ধে ১৫ দফার একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে পাঠানো হয়। এতে অন্তর্ভুক্ত ছিল—নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়।

তেহরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ এবং হরমুজের নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি হয়নি।

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, নিজেদের হিসাব ভুল হলে মাশুল ভোগ করতে হবে ইরানকে। প্রস্তাবে রাজি না হলে আরও বড় হামলার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: আলজাজিরা

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top