বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ফেরিতে ওঠার সময় পদ্মায় বাসডুবি: ১৮ জনের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৬:২৫

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদীর তলদেশ থেকে তুলে আনা হয়। এ সময় বাসের ভেতর থেকে আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর প্রায় ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল। উদ্ধারকারী জাহাজের সহায়তায় ধীরে ধীরে বাসটি ওপরে তোলা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাস থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সমন্বয়ে বাসটি উদ্ধার করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। স্থানীয় ডুবুরিরাও উদ্ধার তৎপরতায় যুক্ত ছিলেন।

ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top