রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে পাঞ্জাবি বিক্রির একটি বিশেষ অফারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কেও প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ওসিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং সংশ্লিষ্ট এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ। ওইদিন বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশনস’ নামের একটি দোকানে পাঞ্জাবির বিশেষ অফার দেওয়া হয়। এ নিয়ে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডিএমপি আরও জানায়, ঘটনাটিতে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।