বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

পদ্মায় বাস দুর্ঘটনা: স্ত্রী-সন্তানের অপেক্ষায় পাড়ে রেজাউলের আহাজারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৪

পদ্মায় বাস দুর্ঘটনা: স্ত্রী-সন্তানের অপেক্ষায় পাড়ে রেজাউলের আহাজারি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনার পর নিখোঁজ স্ত্রী ও সন্তানের অপেক্ষায় পদ্মা নদীর পাড়ে আহাজারি করছেন রেজাউল নামে এক যুবক। বুধবার (২৫ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ১০-১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে রেজাউল জানান, তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাসে উঠেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তিনি ও তার ছোট মেয়ে তীরে উঠতে পারলেও তার স্ত্রী ও অপর মেয়ে এখনো নিখোঁজ রয়েছেন। স্বজনদের খোঁজে পাড়ে দাঁড়িয়ে বিলাপ করতে দেখা যায় তাকে।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিট যৌথভাবে কাজ করছে। উদ্ধারকারী জাহাজও মোতায়েন করা হয়েছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে রয়েছেন রেহেনা পারভীন (৬০) ও মর্জিনা বেগম (৫০)। আহতদের মধ্যে রেহেনা পারভীনের মেয়ে নুসরাত সাবা (২০) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top