রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ঈদ শেষে যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৬:২৭

ঈদ শেষে যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এই চাপের প্রভাব পড়েছে যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায়ে নতুন উচ্চতা দেখা গেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার করে, যা থেকে আদায় হয় ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ২৪ হাজার ৩৩৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, গত তিন দিনে যমুনা সেতু দিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৭৬২টি যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৯ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় গত মঙ্গলবার থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বর্তমানে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা বুথের ব্যবস্থাও রাখা হয়েছে। সার্বক্ষণিক টোল বুথ সচল রেখে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top