শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বগুড়ার সেই হাত-পা ভেঙে দেওয়া আলাল শেখ মারা গেছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮

সংগৃহীত

বগুড়া শহরের ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২৮ মার্চ ভোট চলাকালে তাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত আলাল শেখ বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা ও মেরু শেখের ছেলে। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ ফতেহ আলী বাজারে ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে একদল যুবক আলাল শেখকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে রশি দিয়ে বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকায় পাঠানো হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি মারা যান।

এ ঘটনায় আলাল শেখের বাবা মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার দিনই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, আগে দায়ের করা গুরুতর জখমের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top