ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, দোষীদের বিচারের দাবি
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪
খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল বাজারের সেঞ্চুরি ফিলিং স্টেশন-এ তেল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় এক ব্যক্তি মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভুক্তভোগী মো. মহিদুজ্জামান ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মহিদুজ্জামান লিখিত বক্তব্যে জানান, গত ২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টায় তিনি ফিলিং স্টেশনে তেল নিতে গেলে দেখেন প্রায় ১৫০টি মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের তেল দেওয়া হচ্ছে না। অভিযোগ অনুযায়ী, ০৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের নেতৃত্বে নিয়মবহির্ভূতভাবে মোটরসাইকেলে তেল না দিয়ে বড় বড় ড্রাম ও পটে (৫/১০/৩০ লিটার) সরবরাহ করা হচ্ছিল।
মহিদুজ্জামান এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে ঘটনাটির লাইভ ভিডিও করেন। এসময় বিএনপি নেতা শেখ আশরাফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ এবং ‘তুই জামায়াত করিস’ বলে অপবাদ দেন। পরবর্তীতে শত শত মানুষের সামনে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। হামলা প্রায় ৪-৫ মিনিট চলার সময় তিনি কানে ও মাথায় আঘাত পান। হামলার পর তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, ভিডিও মুছে ফেলা হয় এবং ফোন ভেঙে ফেলা হয়।
সংবাদ সম্মেলনে মহিদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত আশরাফুল ইসলাম প্রভাবশালী হওয়ায় তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
তিনি প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাধারণ মানুষের ওপর হামলার অপরাধে আশরাফুল ইসলামকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।