কাজ না করায় শ্বশুরবাড়ি থেকে তুলে শ্রমিককে নির্যাতন,অভিযুক্ত পলাতক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটায় কাজ না করায় এক শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট এলাকায়। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী শ্রমিক কালু মিয়াকে দোকানঘরের আড়ার সঙ্গে দুই হাত দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর তাকে লাঠি দিয়ে মারধর ও ভয়ভীতি দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালু মিয়া চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য ৮০ হাজার টাকার চুক্তিতে নিয়োজিত ছিলেন। তবে অসুস্থতার কারণে তিনি বাড়ি ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ইটভাটা শ্রমিক সরবরাহকারী ইসমাইল হোসেন লোকজন নিয়ে তাকে ধরে এনে নির্যাতন করেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের সময় তাকে ভবিষ্যতে তার ভাইদের দিয়ে কাজ করানোর বিষয়ে বাধ্য করা হয় এবং একটি সাদা কাগজে মুচলেকা নেওয়া হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী কালু মিয়া অভিযোগ করে বলেন, তাকে বেঁধে মারধর করা হয়েছে এবং পরিবারের কাছে অর্থ দাবিও করা হয়েছে। ভিডিও প্রকাশের পর পুলিশ তাকে উদ্ধার করে বলে তিনি জানান।
অন্যদিকে অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেছেন, কাজের জন্য দেওয়া অর্থের বিপরীতে শ্রম না দেওয়ায় তাকে শাসন করা হয়েছে এবং গুরুতর কোনো নির্যাতন করা হয়নি; বিষয়টি তিনি ‘ভয় দেখানো’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।