বিজিবি দেখে পালালো চার ব্যক্তি, ফেলে যাওয়া ব্যাগে মিলল ১৪০০ রাউন্ড গুলি
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:৪২
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মোট ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলী এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজনকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ জানানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধার করা গোলাবারুদ নিয়ে ফেরার পথে প্রায় ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল বিজিবির টহল দলকে ঘিরে ধরার চেষ্টা করে। বিষয়টি দ্রুত ব্যাটালিয়ন সদর দপ্তরে জানানো হলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থানের মুখে সশস্ত্র দলটি সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।