শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

শর্ত পূরণে ব্যর্থ হলে আলোচনার টেবিল ছাড়াকেই সাফল্য মনে করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৪১

ছবি: সংগৃহীত

ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে নিজেদের শর্ত পূরণ না হলে চলমান আলোচনা থেকে সরে আসতে পারে বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ইসলামাবাদে অবস্থানরত এক প্রতিবেদকের বরাতে জানানো হয়েছে, তেহরানের স্বার্থ, দাবি ও নির্ধারিত ‘লাল রেখা’ সম্মান না করা হলে আলোচনা থেকে সরে আসাকেও একটি সফল কৌশল হিসেবে দেখা হবে। দেশটির কর্মকর্তারা একে দৃঢ় ও আপসহীন কূটনীতির অংশ হিসেবে তুলে ধরছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দিনের শুরুতে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি নির্ধারণ হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে ইরানের শর্ত ও ‘লাল রেখা’র বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইরান আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে এবং শর্ত পূরণ না হলেও আলোচনার বাইরে থেকে নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top