শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

৭২ ঘণ্টা পর শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:০৩

ছবি: সংগৃহীত

শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি শেষ করেন তারা।

শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ ফারহান ফাইয়াজের বাবা, শহীদ সাইদুল ইসলামের বাবা, শহীদ জাবেরের বাবা, শহীদ সৈকতের বাবা এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় তারা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন এবং ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশন প্রত্যাহারের পর অসুস্থ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে একজন শিক্ষার্থী অনশনে বসেন। একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষার্থী এতে যোগ দেন। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীও অনশনে অংশ নেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top