মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে মারামারি, ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মন্ত্রী

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। জানা গেছে, হাতাহাতিতে জড়িত দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সূত্র জানায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তার পাশের একটি আসন দখলকে কেন্দ্র করে দুই যুবদল নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রথমে কথা-কাটাকাটি হলেও একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তাদের সমর্থকেরাও এতে জড়িয়ে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মন্ত্রীর সামনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন। এ সময় মাইকে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানানো হলেও তিনি পুলিশি নিরাপত্তায় সেখান থেকে চলে যান। পরে তিনি অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top