৩০ লাখ টাকা হারিয়ে অনুতপ্ত, দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
ভোলায় অনলাইন জুয়ার ভয়াবহ নেশায় পড়ে বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারিয়েছেন মো. ইউসুফ (২৮) নামের এক যুবক। সব হারানোর পর দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ধীরে ধীরে এই নেশায় আসক্ত হয়ে তিনি নিজের সবকিছু হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে এই নেশা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন।
এলাকাবাসী জানান, গত চার থেকে পাঁচ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে বহু যুবক জড়িয়ে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউসুফের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা।
প্রতিবেশীদের ভাষ্য, দীর্ঘদিন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে হতাশায় ভুগছিলেন ইউসুফ। তবে এখন তিনি জুয়া থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ইউসুফ বলেন, বন্ধুদের মাধ্যমে শুরুতে তিনি এই খেলায় যুক্ত হন। প্রথমদিকে কিছু লাভ হলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে দুটি বাড়ি বিক্রি করেও জুয়ার টাকা জোগাড় করতে হয়েছে তাকে। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।
তিনি আরও বলেন, সব হারানোর পর দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছেন আর কখনো জুয়া খেলবেন না। তার মতো আর কেউ যেন এই নেশায় পড়ে সর্বস্বান্ত না হয়, সেটাই চান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই ধরনের অ্যাপ পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি দেশে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধের দাবিও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।