মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১৭

সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার–এর মুক্তির দাবি জানান।

স্থানীয়দের বরাতে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হলে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে গাড়িবহর সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। বিক্ষোভে নেতৃত্ব দেন তার ছেলে রনি সরকার। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রনি সরকার বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার বাবার বিষয়ে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর স্বাভাবিক গতিতেই অতিক্রম করেছে এবং এটি থামানো হয়নি। তবে সেখানে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। পরে হাইকোর্ট মামলায় কয়েকজনকে মৃত্যুদণ্ড ও কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল পর্যায়ে রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top