নোয়াখালীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার ডিজেলসহ পিকআপ জব্দ, আটক ৪
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪
নোয়াখালীর সদর উপজেলার উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকায় অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রস্তুতিকালে ১ হাজার ৪০০ লিটার ডিজেলসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল অশ্বদিয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত ‘আব্দুল মালেক অয়েল স্টোরে’ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুতের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে ১,৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং চোরাচালান ও অবৈধ মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের মো. নাছির উদ্দিন (৪৭), চরকাওনিয়া গ্রামের মো. শিহাব উদ্দিন (২২) এবং একই এলাকার মো. মাকসুদ (৩২)।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, উদ্ধার করা ডিজেল ও জব্দকৃত পিকআপ গাড়ি বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সুধারাম মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।