শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সিলেটে যৌতুকহীন গণবিবাহে ৬৩ এতিম কন্যার নতুন জীবন শুরু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪২

ছবি: সংগৃহীত

সিলেটে একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও সিলেট অঞ্চলের এসব কন্যার বিয়ে সম্পন্ন হয় সম্পূর্ণ যৌতুকমুক্ত ও বিনা খরচে। যুক্তরাজ্য প্রবাসীদের একটি মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আয়োজন মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার নগরীর বালুচর এলাকার একটি অভিজাত মিলনায়তনে এ গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক ব্যতিক্রমধর্মী সামাজিক মিলনমেলায়।

অনুষ্ঠানে বর-কনে, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দাশ্রু, কৃতজ্ঞতা আর নীরব আবেগে ভরে ওঠে পুরো আয়োজন। সুবিধাবঞ্চিত কন্যাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ পারিবারিক জীবনের সুযোগ করে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বিভিন্ন অতিথি বক্তব্যে বলেন, যৌতুকবিহীন বিয়ে বাস্তবায়ন সম্ভব এই আয়োজন তারই প্রমাণ। বিয়ে সহজ করার যে শিক্ষা রয়েছে, এ উদ্যোগে তারই প্রতিফলন ঘটেছে। তারা নবদম্পতিদের সুখী ও স্থিতিশীল জীবন কামনা করেন।

একজন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ বিয়ের খুতবা পাঠ করেন এবং ধারাবাহিকভাবে ৬৩টি দম্পতির বিবাহ সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও ছিল।

নবদম্পতিদের উপহার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী। এর মধ্যে ছিল পোশাক, খাট, বালিশ, তোশক ও রান্নাবান্নার তৈজসপত্রসহ সংসার শুরুর প্রয়োজনীয় উপকরণ। আয়োজকদের মতে, এসব সহায়তা নতুন জীবনের পথচলাকে সহজ করবে।

সব মিলিয়ে সেদিনের এই আয়োজন সিলেটে এক নীরব মানবিক পরিবর্তনের বার্তা দেয়। যেখানে ৬৩টি নতুন পরিবার শুরু করল তাদের পথচলা আশা, মর্যাদা ও ভালোবাসার আলোয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top