শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার এক নয়: সালাউদ্দিন টুকু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৮:০২

ছবি: সংগৃহীত

বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, তাদের দল যা বলে, সেটিই বাস্তবে রূপ দেয়।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলবাসীর দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে পুনঃখনন কাজ শুরু হয়েছে। নদীর জায়গা দখল করে রাখা হলে তা উচ্ছেদের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে খাল ও নদী খনন কার্যক্রম শুরু হয়েছে, যা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

অনুষ্ঠানে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২ দশমিক ৯২ কিলোমিটার পুনঃখননের জন্য প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top