শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাটে এএইউবির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষায় নতুন সম্ভাবনার আশাবাদ

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৮:১৭

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বল্প সময়ে এএইউবি যে অগ্রগতি অর্জন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের চর্চার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান এবং অনুষ্ঠান শেষে বিদায় জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘SPACE & BEYOND’ শীর্ষক একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাসে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি চারটি অনুষদের অধীনে একাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top