শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যা, ছোট ভাইসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৮:২০

ছবি: সংগৃহীত

নরসিংদীতে পারিবারিক ও প্রেমঘটিত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত আল আমিন (৩০) পেশায় মিশুক চালক ছিলেন।

শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্তরা নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার বাসিন্দা। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্বজনদের অভিযোগ, পরিবারের এক নারী সদস্যকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থানীয় এক যুবকের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি মীমাংসা হলেও তা মেনে নিতে পারেননি ছোট ভাই হাসান (২৬)।

ঘটনার আগের রাতে বড় ভাইকে প্রাণনাশের হুমকি দেন হাসান। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের পেটে একাধিক আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, পূর্বের বিরোধ ও হুমকির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের পক্ষ থেকে হত্যার বিচার দাবি করা হয়েছে।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, নিহতের পেটে গভীর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হাসান ও আরেকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top