কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করায় ওই স্থান থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও কেন তাঁকে আটক করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের বরাতে জানা যায়, শাসনগাছা বাস টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুরের দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন এবং প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন।
একই সময়ে শাসনগাছা বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও চালকরা অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। এতে পুরো টার্মিনালের কার্যক্রম অচল হয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
উত্তেজনা নিয়ন্ত্রণে থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা আড়াইটা পর্যন্ত থানার সামনে বিক্ষোভ চলতে থাকে বলে জানা গেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।