‘আধা-বিপ্লবী, আধা-আপসী এক জীবন’: ফারুকী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:৪৮

সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একটি দীর্ঘ, আত্মসমালোচনামূলক স্ট্যাটাস। ‘আধা-বিপ্লবী, আধা-আপসী এক জীবন’ শিরোনামে লেখা এই পোস্টে তিনি নিজের জীবন, সিদ্ধান্ত, বিতর্ক এবং উপলব্ধির নানা দিক তুলে ধরেছেন।

জন্মদিনকে আত্মবিশ্লেষণের উপলক্ষ হিসেবে উল্লেখ করে ফারুকী লিখেছেন, জীবনের বড় একটি অংশ পার করে পেছনে তাকালে অনেক ঘটনাই সিনেমার দৃশ্যের মতো ভেসে ওঠে। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে তিনি জানান, নিজের ভাষায় সংলাপ ব্যবহারের উদ্যোগ তাকে তীব্র সমালোচনার মুখে ফেলেছিল। তৎকালীন সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী মহলের বিরোধিতা সত্ত্বেও তিনি নিজের বিশ্বাসে অটল ছিলেন। অভিনয়শৈলী ও অভিনেতা নির্বাচনে ভিন্নধর্মী চিন্তার কারণেও নানা আক্রমণের শিকার হতে হয়েছে তাকে। সেই কঠিন সময়ে পাশে ছিলেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদ।

স্ট্যাটাসে নিজের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। পোশাকের স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে নিজের সক্রিয় অবস্থানের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি স্বীকার করেন, সবসময় সব কথা বলা সম্ভব হয়নি এবং জীবনের সব সিদ্ধান্তই সঠিক ছিল না। তার ভাষায়, জীবন আসলে ভুল থেকেই শেখার এক চলমান প্রক্রিয়া।

স্ট্যাটাসের একটি বড় অংশজুড়ে ছিল ‘জুলাই’ প্রসঙ্গ, যেটিকে তিনি তার প্রজন্মের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। এই ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে কিছু বন্ধুকে হারালেও নতুন সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া এক বন্ধুর সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগের মতো তার জন্মদিন এখন আর ততটা আলোচনায় আসে না। এমনকি চলচ্চিত্রবিষয়ক এক লেখায় জহির রায়হান থেকে সানি সানোয়ার পর্যন্ত অনেক নির্মাতার নাম থাকলেও সেখানে তাকে রাখা হয়নি—যা তিনি হাস্যরসের সঙ্গেই গ্রহণ করেছেন।

স্ট্যাটাসের শেষাংশে ফারুকী কৃতজ্ঞতা জানিয়েছেন তার দীর্ঘ পথচলার সঙ্গী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সন্তান, পরিবার, বন্ধু এবং দর্শকদের প্রতি। তার মতে, তার নির্মিত চলচ্চিত্রগুলো মূলত দর্শকদের সঙ্গে এক ধরনের সংলাপ—যা ভবিষ্যতেও চলতে থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top