আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (৩ মে) সকালে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ আত্মকর্মসংস্থান প্রকল্প ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ত্রাণমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক ঢলে লাখ লাখ হেক্টর আবাদি জমি ও পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আগামী তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ক্ষতির তালিকা প্রস্তুত ও যাচাইয়ের কাজ চলছে। তালিকাভুক্ত কৃষকদের বিশেষ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে এই সহায়তা পাবেন।
মন্ত্রী বলেন, আগামী ৬ মে তিনি সুনামগঞ্জ সফরে যাবেন এবং সেখানে সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, হাওরে কোথাও কৃষকরা মাত্র ৪০ শতাংশ আবার কোথাও ৬০ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছেন। অনেক জায়গায় পানির নিচে থাকা ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে, ফলে কৃষকরা সংকটে পড়েছেন।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় ১০১টি দরিদ্র পরিবারের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে দোকানের সামগ্রী, ভ্যান, গরু ও সেলাই মেশিন অন্তর্ভুক্ত ছিল।
উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের জীবিকা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।