যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩৩
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার হত্যার সঙ্গে জড়িত দুই শুটারকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুরের একটি দোকানে ঢুকে তিন সশস্ত্র দুষ্কৃতিকারী কিবরিয়াকে গুলি করে হত্যা করেন। হত্যার সময় তারা হেলমেট ও মুখোশ পরেছিলেন। কিবরিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন দোকানের চালকও।
হত্যাকাণ্ডের মামলায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। মামলায় আরও সাত-আটজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে জড়িত উল্লেখ করা হয়েছে।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্বৃত্তরা দোকানে ঢুকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিবরিয়াকে গুলি করতে শুরু করে। এ সময় দোকানে থাকা গ্রাহকরা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় মিরপুর-১-এর পাইকপাড়ায় র্যাব-৪-এর সদর দপ্তরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।