ব্যাগের টাকা দিয়ে কোথায় গাছ লাগাচ্ছে আড়ং- প্রশ্ন রুমিন ফারহানার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১২:০৬
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে অবস্থিত আড়ং শোরুম থেকে ঈদের কেনাকাটা করে শপিং ব্যাগ না পেয়ে আলোচনার জন্ম দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মায়ের জন্য কেনা কাপড় হাতে করেই বাসায় ফেরার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা–সমালোচনা।
ঘটনাটি ঘটে গত ১৪ মার্চ রাতে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তিনি কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন। পরে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আরও আলোচনায় আসে।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, পণ্য কেনার পরও গ্রাহকদের শপিং ব্যাগ না দেওয়া অস্বস্তিকর এবং এতে গ্রাহকসেবার ঘাটতি রয়েছে। পরিবেশ রক্ষার কথা বলে ব্যাগ না দিলে বিকল্প ব্যবস্থার প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে আড়ং কর্তৃপক্ষ জানায়, তারা শপিং ব্যাগের জন্য যে মূল্য নেয়, তা পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর কাজে ব্যয় করা হয়।
তবে সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রুমিন ফারহানা। তিনি বলেন, এ ঘটনায় তিনি রাগান্বিত ছিলেন না এবং আগে থেকেই জানতেন যে শপিং ব্যাগ দেওয়া হবে না। তাই তিনি নিজেই ব্যাগ না নিয়ে গিয়ে হাতে করে কাপড় নিয়ে আসেন।
তিনি আরও বলেন, “আমার মূল প্রশ্ন হচ্ছে—আড়ং যদি ব্যাগের টাকা দিয়ে গাছ লাগিয়ে থাকে, তাহলে তারা স্পষ্ট করে জানাক কোথায় গাছ লাগানো হয়েছে, কতটি গাছ লাগানো হয়েছে এবং কত ব্যাগের টাকায় সেই গাছ লাগানো হয়েছে। এতে সাধারণ মানুষ আরও খুশি হবে।”
তিনি যোগ করেন, যদি সত্যিই গাছ লাগানোর কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হয়, তাহলে তিনি ভবিষ্যতেও স্বেচ্ছায় হাতে করেই কেনাকাটার পণ্য বহন করতে রাজি আছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।