যুদ্ধবিরতির ঘোষণার পর স্বর্ণের দাম শীর্ষে
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর মূল্যবান ধাতুতে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে স্বর্ণের দাম বেড়ে প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেওয়া ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় দুই পক্ষ দুই সপ্তাহের জন্য বিরতি ঘোষণা করেছে। এ ঘোষণার প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুতে ঝুঁকছে।
বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ডের দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ৩% এর বেশি বৃদ্ধি পায়, যা ১৯ মার্চের পর সর্বোচ্চ। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৪% বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে এবং ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছে, যা আলোচনার কার্যকর ভিত্তি হতে পারে। তবে সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে।
স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, “বাজারে তাৎক্ষণিক স্বস্তির কারণে উত্থান দেখা দিয়েছে। তবে ইরান শেষ পর্যন্ত শর্ত মানবে কি না, তা দেখার বিষয়।” তিনি আরও জানান, স্বর্ণের ক্ষেত্রে ৪,৯৩০ ডলারের ২০০ দিনের মুভিং এভারেজ এবং পরবর্তী ৫,০০০ ডলার গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করবে। রূপার জন্য ৮০-৮১ ডলার স্তর গুরুত্বপূর্ণ।
অন্যদিকে পাকিস্তান কূটনৈতিক আলোচনার জন্য দুই সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ করেছে। ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তারা ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে। তবে তারা জানিয়েছে, এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।
জ্বালানির দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণকে জটিল করে তুলবে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, যদিও উচ্চ সুদের হারের সময় এর আকর্ষণ কমে যায়।
২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে স্বর্ণের দাম ৮% এর বেশি কমেছিল। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর তা পুনরায় বেড়েছে। অন্যান্য ধাতুর মধ্যে—স্পট সিলভার ৪.৯% বেড়ে প্রতি আউন্স ৭৬.৪৮ ডলার, প্লাটিনাম ৩.২% বেড়ে ২,০২০.৫৭ ডলার, এবং প্যালাডিয়াম ৪.১% বেড়ে ১,৫২৯.৩৫ ডলার হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।