সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভোজ্যতেলের বাজারে স্বস্তি ফিরছে: বাণিজ্যমন্ত্রী

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:১৬

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

রোববার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।

বিক্রেতারা জানান, আগের তুলনায় ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের চাহিদা বেশি। বর্তমানে ক্রেতারা খোলা তেলের পরিবর্তে বোতলজাত তেলের প্রতি বেশি ঝুঁকছেন বলেও তারা উল্লেখ করেন।

সরেজমিনে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেলের দাম যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকা রাখা হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। তারা জানান, বাজারে এখন তেল সহজলভ্য হয়েছে এবং আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিতভাবে কাজ করছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে সরবরাহ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে দাম সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশীয় বাজারেও তা সমন্বয় করে কমানো হবে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ আবদুর রহিম খান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top