সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাঁশখালীতে দিদার ডাকাতের হামলায় যুবক গুরুতর আহত

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:৩২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে আলমগীর প্রকাশ দিদার ডাকাত ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩ মে) রাতে বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওসমান হাট বকশিদীঘির পাড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দিদার ডাকাত, ওয়াজেদ ও জাহাঙ্গীর তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি ছুরি ও লোহার রড দিয়ে তাকে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ও চোখে গুরুতর আঘাত থাকায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ চৌধুরী জানান, আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চোখে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিদার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে ২৫টিরও বেশি মামলা রয়েছে। তার সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধেও প্রায় ২০টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top