৩৩ বছর আগের মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন ফারুক আহমেদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৭
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁর জীবনের এক অমলিন স্মৃতি। ৩৩ বছর আগে সদ্য বিবাহিত জীবনে স্ত্রী নাসরিনের সঙ্গে কাটানো মধুচন্দ্রিমার একটি পুরনো ছবি পোস্ট করে তিনি যেন ফিরে গেছেন সোনালি অতীতে। ছবিটি তোলা হয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকতে।
সাদাকালো সেই ছবির ক্যাপশনে আবেগঘন এক বার্তা লিখেছেন ফারুক আহমেদ। তিনি লেখেন,
“আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে। তখন কে জানত আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হব? জীবন এত ছোট ক্যানে?”
ফারুক আহমেদের এই পোস্টে ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে গভীর নস্টালজিয়া। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘আজ রবিবার’-এ ‘মতি’ চরিত্রে ফারুক আহমেদ এবং ‘ফুলি’ চরিত্রে তাঁর স্ত্রী নাসরিনের অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন হয়ে আছে।
পর্দার সেই জনপ্রিয় জুটির অসাধারণ রসায়ন যে বাস্তব জীবনের ভালোবাসারই প্রতিফলন ছিল, তা নতুন করে মনে করিয়ে দিয়েছে এই স্মৃতিচারণমূলক ছবি। জীবন ও সময়ের দ্রুত গড়িয়ে যাওয়ার অনুভূতি নিয়ে অভিনেতার এই হাহাকার নেটিজেনদের মনও ছুঁয়ে গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।