শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩০

ছবি: সংগৃহীত

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এ গায়িকা। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ ‘মনের বনে দোলা লাগে’ গানটি কণ্ঠ দিয়েছিলেন মাহবুবা রহমান। সংগীত পরিচালনা করেছিলেন সমর দাস। এরপর ফতেহ লোহানীর ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গানে কণ্ঠ দিয়ে তিনি আরও খ্যাতি পান।

মাহবুবা রহমানের আরও পরিচিত গানের মধ্যে রয়েছে: আমার যদি থাকত পাখির ডানা, আমার না বলা কথা, সোনালী এই ধানের ক্ষেতে, আগে জানি না রে দয়াল, তুমি দাও দেখা দরদী, আমার বন্ধু বিনোদিয়া, আজকে আমার মালঞ্চে ফুল ফোটে নাই, আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো- ছাড়াও অসংখ্য গান।

তিনি ঢাকার প্রাথমিক চলচ্চিত্রগুলোতে যেমন জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা-এর মতো সিনেমায় প্লেব্যাক করেছেন।

১৯৩৫ সালের ৩ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মাহবুবা রহমান। শৈশবেই ঢাকায় চলে আসেন। ঢাকায় সুধীরলাল চক্রবর্তী, ওস্তাদ পিসি গোমেজ ও মোমতাজ আলী খানের কাছে গান শেখেন। গীত ও গজল শিখেছেন ওস্তাদ কাদের জামেরী ও ওস্তাদ ইউসুফ কোরেশীর কাছে, আর লোকসংগীত শিখেছেন মোমতাজ আলীর কাছে।

১৯৪৮ সালে ঢাকার কামরুননেসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে প্রথমবার তার গান প্রচারিত হয়।

ব্যক্তিগত জীবন: মাহবুবা রহমানের প্রকৃত নাম নিভা রানী রায়। ১৯৫৮ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে তিনি আবুল হাসনাতকে বিবাহ করেছিলেন। খান আতাউর রহমানের সঙ্গে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে একজন রুমানা ইসলাম সংগীতশিল্পী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top