মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

রাহুল অরুণোদয়ের মৃত্যুতে চঞ্চল চৌধুরীর গভীর শোক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৯:২৫

সংগৃহীত

ভারতীয় বিনোদন জগৎ, বিশেষ করে টলিউড, শোকস্তব্ধ হয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর ঘটনায়। শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রতিভাবান শিল্পী।

মাত্র ৪৩ বছর বয়সে তার অকাল প্রয়াণে অভিনয় জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী থেকে ভক্ত—সবার কাছেই তিনি ছিলেন অত্যন্ত প্রিয় মুখ।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাহুলের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। ফেসবুক স্টোরিতে তিনি লিখেছেন, “তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালোবাসার মধ্যেই তুমি বেঁচে থাকবে। তোমার অভাব অনুভব করব, রাহুল।”

এছাড়া অভিনেত্রী জয়া আহসান-ও সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে তাকে স্মরণ করেছেন।

জানা যায়, ওড়িশা রাজ্যের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানে শুটিং চলাকালে সমুদ্রে দুর্ঘটনার শিকার হন তিনি। পানিতে তলিয়ে গেলে দ্রুত তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার বিকেলে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশান-এ, যেখানে সম্পন্ন হয় শেষকৃত্য।

তার এই অকাল প্রয়াণে দুই বাংলার বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top