মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ চুক্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৯:০৮

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এ সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি, জ্বালানি আমদানি এবং জাতিসংঘে কূটনৈতিক সমর্থন—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটায় বিকল্প উৎস হিসেবে ভারত থেকে আরও জ্বালানি আনার পরিকল্পনা করছে বাংলাদেশ। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান সংঘাতের প্রভাব এ সংকটকে বাড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান মরিশাস-এ অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার পথে দিল্লি সফর করবেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়াল-এর সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ সিং পুরি-র সঙ্গে অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর হতে যাচ্ছে।

অন্যদিকে, ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি পদে বাংলাদেশ ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। এ বিষয়ে ভারতের সমর্থন চাইতে পারেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ প্রায় শেষের দিকে। বর্তমানে উভয় দেশের প্রতিনিধিরা চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করছেন। নতুন চুক্তির ক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণে তারা নিজস্ব চাহিদা, মজুত ও পরিশোধন সক্ষমতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top