শোকের মধ্যেই কাজে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৪৬
স্বামী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে না পারলেও আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
শুক্রবার তিনি পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ তারকাঁটা-এর শুটিংয়ে অংশ নেন। সিরিজটির প্রযোজনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
জানা গেছে, সিরিজের শুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ১০, ১১ ও ১৩ এপ্রিল—এই তিন দিনে শেষ ধাপের শুটিংয়ের সূচি নির্ধারিত ছিল। এর মধ্যে ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিয়েছেন, বাকি দিনগুলোতে তিনি থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়। শুটিং চলছে কলকাতার বেহালা এলাকায়।
পরিচালক শমীক রায় চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। শুটিংয়ে আরও উপস্থিত ছিলেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী ও আয়ুষ দাস।
উল্লেখ্য, গত ২৯ মার্চ আউটডোর শুটিংয়ের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রিয়াঙ্কা আইনি পদক্ষেপও নিয়েছেন এবং সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই শোক যেন কোনো পরিবর্তনের বার্তা হয়ে ওঠে।
সব প্রতিকূলতা পেরিয়ে শোককে সঙ্গী করেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।