শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

যেভাবে ক্যান্সার জয় করে উঠলেন আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সংগীতশিল্পী আলমগীর—যিনি পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক ও ফ্যান্টাসি ঘরানার অসংখ্য ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন—তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ১৯৯০ সালে ক্যান্সার আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা ও তা জয় করার গল্প শেয়ার করেন।

আলমগীর জানান, ১৯৯০ সালে তার শরীরে কর্কট রোগ ধরা পড়ে। এরপর তিনি প্রায় ৮ মাস লন্ডনে চিকিৎসা নেন। কঠিন সেই সময় পার করে ধীরে ধীরে তিনি রোগকে জয় করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

তিনি আরও বলেন, ক্যান্সার রোগীদের জন্য মানসিক শক্তিই সবচেয়ে বড় সহায়। অনেক সময় রোগীরা নিজেকে অসহায় মনে করেন, আর সেই মানসিক লড়াই জয় করাই সবচেয়ে কঠিন।

ক্যারিয়ারের পাশাপাশি সহকর্মীদের বিপদে সবসময় পাশে দাঁড়ানোর কথাও উঠে আসে তার আলোচনায়। নিজের সীমাবদ্ধতা ও বাস্তবতাকে তিনি সেই সময় আরও গভীরভাবে উপলব্ধি করেন বলে জানান।

ব্যক্তিজীবনে আলমগীর একজন গর্বিত বাবা। তার মেয়ে আঁখি আলমগীর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হলেও তিনি শুরুতে মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ভিন্ন পথকেই তিনি এখন স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন।

১৯৫০ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেকের পর পাঁচ দশকের বেশি সময় ধরে ২৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top