ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘রইদ’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:০৫
দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ অবশেষে মুক্তির তারিখ পেল। নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
পরিচালক জানান, শুরুতে তিনি ঈদের পর অপেক্ষাকৃত নিরিবিলি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন, যাতে দর্শকরা গল্পটি মনোযোগ দিয়ে উপভোগ করতে পারেন। তবে পরবর্তী সময়ে সময় ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বিশেষ করে সামনে বিশ্বকাপ থাকায় আরও দেরি করলে মুক্তির সময় পিছিয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলেও জানান তিনি।
সেই কারণে শেষ পর্যন্ত ঈদুল আজহাকেই ‘রইদ’-এর মুক্তির সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
মুক্তির আগে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটির কথা ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজীব আহমেদ রাজু, আর সংগীতায়োজন করেছেন রাশীদ শরীফ শোয়েব।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, সিনেমার শুটিং শুরুর প্রায় এক বছর আগেই গানটির কাজ শুরু হয়, যা ‘রইদ’-এর যাত্রার সূচনা হিসেবে ধরা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গান ও ছবির গল্প—দুটোই দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে।
উল্লেখ্য, মেজবাউর রহমান সুমনের আগের সিনেমা ‘হাওয়া’ ব্যাপক দর্শকপ্রিয়তা ও আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আসছে তার নতুন ছবি ‘রইদ’, যা ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়ে নজর কেড়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।