বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের ভোগান্তি বাড়ে: স্পিকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০০

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হয়। তিনি দাবি করেন, অতীতের তত্ত্বাবধায়ক সরকার অভিজ্ঞতার অভাবে জনগণের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।

বৃহস্পতিবার বিকেলে ভোলা সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ওই সরকারের সময় দেশের অর্থনৈতিক সূচক নিচের দিকে নেমে গিয়েছিল এবং কিছু ক্ষেত্রে জনজীবনে সংকট তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ সরকার হিসেবে দায়িত্ব পালন করলেও অভিজ্ঞতার অভাবে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। তবে তিনি তাদের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কৃতিত্ব দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি দাবি করেন, বর্তমানে দেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরেছে এবং আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিগত সময়ের কিছু রাজনৈতিক ও সাংবিধানিক সিদ্ধান্ত এখনো প্রভাব ফেলছে, যা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় ধরনের দূরত্ব নেই এবং আলোচনার মাধ্যমে সমঝোতা সম্ভব বলে তিনি মনে করেন।

স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে স্পিকার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তবে স্বাধীনতার পর গণতন্ত্র কাঙ্ক্ষিতভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি অতীতের নির্বাচনী ব্যবস্থাকে নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, জনগণের আন্দোলন ও তরুণদের আত্মত্যাগের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে।

এ সময় ভোলা জেলা প্রশাসকসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top