ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৮:২৪
ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
জানা গেছে, কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে চারজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কুর্দিস্তান প্রদেশে পৃথক অভিযানে ১১ জনকে আটক করার পাশাপাশি এক কুর্দি সশস্ত্র সদস্যকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া আরও একটি অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। তেহরান জানিয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে রাজধানী তেহরানে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।