এআই দিয়ে আলিয়ার ছবি বিকৃত করে প্রচার, তোপের মুখে পাকিস্তানি ব্র্যান্ড
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক সংস্থার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার বিভিন্ন ফ্যাশন লুক ব্যবহার করে ব্র্যান্ডটির পোশাক প্রচার চালানো হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্র্যান্ডের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের একাধিক ছবি দেখা গেছে, যেখানে তাকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে উপস্থাপন করা হয়েছে। তবে ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, সেগুলো এআই প্রযুক্তিতে পরিবর্তিত বা তৈরি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আলিয়ার লরিয়েল প্যারিসের র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলো বিকৃত করে সেখানে নিজেদের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এসব পোশাক পছন্দ করবেন—এমন বক্তব্যও দেওয়া হয়, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্ত এটিকে ‘ভুয়া প্রচারণা’ এবং ‘অনুমতি ছাড়া ব্যক্তিত্ব ব্যবহারের অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে অনেকে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিনা অনুমতিতে তারকাদের ছবি, কণ্ঠ বা পরিচয় ব্যবহার করে কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক বলিউড তারকা নিজেদের ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।