৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৩:০০
আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রে ১৮টি এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে।
নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।