দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৬:১০
দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১৪টি জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরও অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬০ মিলিমিটার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।