নাসির-তামিমার মামলার রায় ১০ জুন ধার্য

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:৪০

সংগৃহীত

আইনিভাবে আগের বিয়ে বিচ্ছেদ না করেই নতুন করে বিয়ে করার অভিযোগ ও ব্যাভিচারের মামলায় জাতীয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১০ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে।

বুধবার (৬ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম যুক্তিতর্ক শুনানি শেষে এই তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান।

শুনানিতে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ দাবি করেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। অন্যদিকে নাসির হোসেনের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে মোসলেহ উদ্দিন জসীম অভিযোগ অস্বীকার করে খালাস চান।

পুরো শুনানির সময় নাসির হোসেন ও তামিমা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু ওই বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ে হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এরপর রাকিব ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top