২৪ ঘন্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৪
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৯:১৬
দেশে হামের প্রকোপ দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৯৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের সংক্রমণে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে উপসর্গসহ বা সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১১৩ শিশু।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে আরও ১০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে হামের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৪ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ দিনে সারাদেশে মোট ৯২৯টি হামের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে মোট ৭ হাজার ৬১০টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩ হাজার ৩৮০ শিশুর সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের বিস্তার উদ্বেগজনক। তারা দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।