রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

অনশনের পর প্রেমের জয়—স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৫

সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় দীর্ঘদিনের টানাপোড়েন ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মিলেছে ভালোবাসার পূর্ণতা। অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র শেষ পর্যন্ত স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের মধ্যস্থতায় তিনি তার স্ত্রী অনুশীলা বাড়ৈকে ফিরে পান, যা এলাকায় আনন্দের আবহ সৃষ্টি করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে একটি সালিশ বৈঠকের মাধ্যমে এই পুনর্মিলন ঘটে। এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যা থেকে টানা ২৪ ঘণ্টা অনুশীলার বাড়িতে অবস্থান নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নেন।

জানা যায়, প্রায় এক দশক আগে বিশ্বজিৎ ও অনুশীলার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর প্রেমের পর তারা বিয়ে করে চার বছর সংসার করেন। এই সময়ে বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেন এবং তাকে নার্সিং পড়াশোনায় সহায়তা দেন। পরবর্তীতে অনুশীলা ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পান। তবে চাকরি পাওয়ার পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে অনুশীলা বিশ্বজিৎকে না জানিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ব্যথিত হয়ে বিশ্বজিৎ প্রিয় মানুষটিকে ফিরে পেতে অনশন শুরু করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিকভাবে আলোচনার সৃষ্টি হয়। পরে দুই পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্যোগে বসা সালিশে অনুশীলা নিজের ভুল স্বীকার করে আবার বিশ্বজিতের সঙ্গে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন।

পুনর্মিলনের পর বিশ্বজিৎ বলেন, “আমার স্ত্রীকে ফিরে পেয়ে আমি খুবই খুশি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তা এখন দূর হয়েছে। যারা আমাদের একত্র হতে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার দোয়া চাই, যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top